পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা র্যালি অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’-এর অনুদানে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" (One Child, One Tree) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতামূলক র্যালি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৯ জুন) সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই র্যালির সূচনা হয়। ‘জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার প্রস্তুতির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালির মূল ব্যানারে "গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, জলবায়ু ঝুঁকি কমাই" এবং "সবুজায়নে গড়ি দেশ, জলবায়ু পরিবর্তনে নেই কোন রেশ"—ইত্যাদি সময়োপযোগী স্লোগান শোভা পায়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
একই দিন দুপুরে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বিদ্যালয়ে প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রেস মুখপাত্র জনাব মাহদী আমিন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বড় পর্দায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য ও উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত উৎসাহের সাথে উপভোগ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা করার দায়িত্ব দেওয়া। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হবে এবং সবুজ ও সুরক্ষিত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই যুগান্তকারী উদ্যোগকে সফল করতে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বদ্ধপরিকর।
News Info
- PublishedJun 30, 2026